মানিকছড়িতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির মনোনীত খাগড়াছড়ি ২৯৮নং আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার পক্ষ থেকে দোয়া, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম, মানিকছড়ি উপজেলা শাখার আয়োজনে জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদে এবং বাদ আছর উপজেলার গচ্ছাবিল বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়। দোয়া শেষে গচ্ছাবিল এলাকার অসহায় ও হত-দরিদ্র ৩০ জন মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বিএনপির মনোনীত খাগড়াছড়ি আসনের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া।
উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি এইচ এম মাসুদের সভাপতিত্বে ও ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক এম এস পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশনের সংগঠক মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরব আলী চেয়ারম্যান,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট এম এ হোসাইন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তারেক ও সাংগঠনিক সম্পাদক তারেক আজিজসহ বিএনপি ও জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































